নিউজ রিপোর্ট: লন্ডনের বিভিন্ন এলাকায় লো ট্রাফিক নেবারহুড (LTN) ও অতিরিক্ত বাস লেন চালুর ফলে ব্যক্তিগত গাড়ির যানজট বেড়েছে বলে স্বীকার করেছে ট্রান্সপোর্ট ফর লন্ডন (TfL)। বুধবার লন্ডন অ্যাসেম্বলি ট্রান্সপোর্ট কমিটির বৈঠকে টিএফএল কর্মকর্তারা এ তথ্য জানান।
টিএফএলের নীতি অনুযায়ী, ২০৪১ সালের মধ্যে লন্ডনের ৮০ শতাংশ যাত্রা হেঁটে, সাইকেলে বা গণপরিবহনে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য পূরণে সড়কের কিছু অংশ বাস লেনের জন্য বরাদ্দ, এলটিএন বাস্তবায়ন, পাশাপাশি আল্ট্রা লো এমিশন জোন (ULEZ) ও কনজেশন চার্জ জোন (CCZ) চালু করা হয়েছে।
এলটিএনের মাধ্যমে আবাসিক এলাকায় মোটরযান চলাচল কমাতে ক্যামেরা, প্ল্যান্টার ও বোলার্ড বসানো হয়। তবে কোভিড মহামারির সময় চালু হওয়া প্রায় ১০০টি এলটিএন কিছু এলাকায় যানজট বাড়িয়েছে বলে কর্মকর্তারা জানান।
টিএফএলের স্ট্রিটস অ্যান্ড নেটওয়ার্ক অপারেশন্স বিভাগের পরিচালক কার্ল এডলস্টন বলেন, এলটিএন সড়ক নিরাপত্তা ও সক্রিয় যাতায়াতের ক্ষেত্রে উল্লেখযোগ্য সুফল এনেছে। তবে তিনি জানান, এসব প্রকল্পের বেশিরভাগই বরো কাউন্সিলের অধীনে, টিএফএলের সরাসরি সিদ্ধান্ত নয়।
এদিকে লন্ডনে বাসের গতি কমে যাওয়া এবং শহরটি বিশ্বের সবচেয়ে ধীরগতির ড্রাইভিং শহরগুলোর তালিকায় শীর্ষে ওঠায় এসব উদ্যোগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবুও সিটি হলের দাবি, গণপরিবহন ও সাইকেল ব্যবহারে উৎসাহ বাড়লে দীর্ঘমেয়াদে যানজট কমবে এবং জরুরি বা ব্যবসায়িক কাজে গাড়ির ওপর নির্ভরশীলদের জন্য যাত্রা আরও সহজ হবে।
সূত্র বিবিসি
