শেরপুর-৩ আসনে ইশতেহার অনুষ্ঠান ঘিরে বিএনপি–জামায়াত সংঘর্ষ, জামায়াত নেতা নিহত

নিউজ রিপোর্ট: শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। এসময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ইশতেহার পাঠ অনুষ্ঠানের প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা আশরাফুল আলম রাসেলসহ বিভিন্ন দলের প্রার্থীরা মঞ্চে বসার পর সামনের সারির চেয়ারে বসা নিয়ে বিএনপি ও জামায়াতের কয়েকজন কর্মী-সমর্থকের মধ্যে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও চেয়ার নিক্ষেপের ঘটনা ঘটে। মঞ্চের সামনে রাখা কয়েকশ চেয়ার ভাঙচুর করা হয়। একই সঙ্গে বিক্ষুব্ধ লোকজন অনুষ্ঠানস্থলে থাকা কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয় ও ভাঙচুর চালায়। এতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

গুরুতর আহত অবস্থায় জামায়াত নেতা রেজাউল করিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদল।

তিনি অভিযোগ করে বলেন, পূর্বপরিকল্পিতভাবে বিএনপি ও তাদের সমর্থকরা জামায়াতের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এতে দলের অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল অভিযোগ করে বলেন, জামায়াত পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এই হামলা চালিয়েছে। এতে বিএনপিরও বহু নেতা-কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন, বসাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।