যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের Florida অঙ্গরাজ্যের Fort Myers শহরে নীলুফার ইয়াসমিন (৪৮) নামে এক বাংলাদেশি নারীকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন (৪০)-কে অল্প সময়ের মধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক জামিনবিহীন আটক রাখার নির্দেশ দেন। বর্তমানে তাকে লি কাউন্টি জেলে রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে Dr. Martin Luther King Jr. Boulevard-এ অবস্থিত একটি গ্যাস স্টেশনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নীলুফার ওই এলাকার বাংলাদেশি মালিকানাধীন একটি কনভিনিয়েন্স স্টোরে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ঘটনার সূত্রপাত হয় কয়েকদিন আগে, যখন অভিযুক্ত ব্যক্তি দোকানের এটিএম বুথ থেকে টাকা তুলতে ব্যর্থ হয়ে নীলুফারের কাছে অর্থ দাবি করেন। তিনি এতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে চলে যান।

পরবর্তীতে বৃহস্পতিবার সকালে জোয়াচিন ফিরে এসে প্রথমে দোকানের সামনে থাকা নীলুফারের ব্যক্তিগত গাড়ির কাঁচ হাতুড়ি দিয়ে ভাঙচুর করেন। শব্দ শুনে নীলুফার বাইরে এলে তিনি ‘গিভ মি মাই মানি’ বলে চিৎকার করে তার মাথায় হাতুড়ি দিয়ে একাধিক আঘাত করেন।

হামলার পরপরই জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টা ২৭ মিনিটে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পরে Fort Myers Police Department জানায়, ম্যাঙ্গো ও রেলি স্ট্রিট এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়েছে। গ্রেপ্তারের সময় নিরাপত্তার স্বার্থে আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সাময়িক লকডাউন জারি করা হয়েছিল।

অভিযুক্তের বিরুদ্ধে হত্যা ও সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। পুলিশ এ ঘটনায় অতিরিক্ত তথ্য থাকলে তা জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে।

নিহত নীলুফার ইয়াসমিনের গ্রামের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নে। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিকের বোন। মাত্র তিন মাস আগে ওই দোকানে চাকরি নেন তিনি। তার দুই কন্যাসন্তান রয়েছে, যাদের বয়স ১৬ ও ২০ বছর।

ঘটনাটি স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।