টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুমের ঘটনায় দায়ের করা মামলায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কয়েকজন সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের বিষয়ে আজ রোববার আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ প্রদান করবেন।
এর আগে গত ১৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে আসামিপক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। তিন আসামির পক্ষে আইনজীবী হামিদুল মিসবাহ, সাতজনের পক্ষে তাবারক হোসেন এবং শেখ হাসিনার পক্ষে আইনজীবী মো. আমির হোসেন শুনানি করেন। পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ছয়জনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এম হাসান ইমাম ও সুজাদ মিয়া বক্তব্য দেন। শুনানিতে প্রত্যেক আইনজীবী নিজ নিজ মক্কেলের অব্যাহতির আবেদন জানান। পরে প্রসিকিউটর গাজী এমএইচ তামীম আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন।
মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ সাতজন পলাতক রয়েছেন। গ্রেপ্তার ১০ আসামি হলেন—ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান, মো. মাহাবুব আলম, কেএম আজাদ; কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে); লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন ও মো. সারওয়ার বিন কাশেম। গ্রেপ্তার ১০ আসামিকে আজ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।
এদিকে, জুলাই বিপ্লবের সময় রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় করা পৃথক মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিষয়ে শুনানি করবেন। গত ১৪ ডিসেম্বর আসামিপক্ষের শুনানির দিন ধার্য থাকলেও তা পরিবর্তন করে আজকের দিন নির্ধারণ করা হয়। এর আগে গত ৪ ডিসেম্বর চিফ প্রসিকিউর তাজুল ইসলাম অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন।
রামপুরা হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার দুই আসামি হলেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও সাবেক মেজর মো. রাফাত বিন আলম। এছাড়া ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান পলাতক রয়েছেন।
