ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে মোহাম্মদ শাহেদ রাহমান সভাপতি, আব্দুল বাছির সাধারণ সম্পাদক এবং মির্জা আবুল কাসেম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) পূর্ব লন্ডনের একটি হলরুমে সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৫ অনুষ্ঠিত হয়। এজিএমে সভাপতিত্ব করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির বর্তমান সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরু।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনে ছিলেন সাবেক স্পিকার আহবার হোসেন, সাংবাদিক মোসলেহ উদ্দিন এবং সাবেক স্পিকার খালিস উদ্দিন আহমেদ। সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোট গ্রহণ শেষে সকল সদস্যের উপস্থিতিতে ভোট গণনা করে নির্বাচন কমিশন বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করে।
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচন এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে। দিনভর আয়োজনটি সাংবাদিকদের জন্য এক মিলনমেলায় পরিণত হয়। উল্লেখ্য, ২০১৭ সালে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো সংগঠনের কার্যনির্বাহী কমিটি গঠনে নির্বাচনী প্রক্রিয়া চালু হলো, যা সংগঠনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
