বিভেদ ভুলে ঐক্যবদ্ধ বিএনপি, সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামন কামরুলের পক্ষে এক কাতারে নেতারা

নিউজ রিপোর্ট: আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হলো বিএনপি। দলের চূড়ান্ত মনোনীত প্রার্থী কামরুজ্জামন কামরুলের পক্ষে প্রকাশ্যে দাঁড়িয়েছেন ধানের শীষের একাধিক মনোনয়ন প্রত্যাশী। এতে নতুন করে উজ্জীবিত হয়েছেন স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা।

এর আগে এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক প্রভাবশালী নেতা। গত ৩ নভেম্বর প্রাথমিকভাবে আনিসুল হকের নাম ঘোষণা করা হলেও পরে দলীয় সিদ্ধান্ত পরিবর্তন করে ২৭ ডিসেম্বর কামরুজ্জামন কামরুলকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়। এ সিদ্ধান্তের পর নির্বাচনী এলাকার বিভিন্ন উপজেলায় দুটি বলয়ে আলাদা কার্যক্রম চললেও শেষ পর্যন্ত দলীয় স্বার্থে ঐক্যের পথে হাঁটেন নেতারা।

শনিবার তাহিরপুর উপজেলার ধুতমা গ্রামে আনিসুল হকের বাড়িতে আয়োজিত এক সভায় একই মঞ্চে বক্তব্য দেন আনিসুল হক ও কামরুজ্জামন কামরুল। সভায় দুই বলয়ের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে ধানের শীষের পক্ষে একযোগে কাজ করার অঙ্গীকার করা হয়। এ দৃশ্য নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদার বলেন, এই ঐক্য দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। নেতারা এক হওয়ায় কর্মীরা উচ্ছ্বসিত।

তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন, ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যের কোনো বিকল্প নেই।

মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত বলেন, দুই নেতা একসঙ্গে কাজ করলে দল আরও শক্তিশালী হবে এবং নির্বাচনে ইতিবাচক ফল আসবে।

আনিসুল হক বলেন, দল যাকে মনোনয়ন দিয়েছে, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করাই বিএনপির নীতি। সব বিভেদ ভুলে আমরা একসঙ্গে মাঠে থাকব।

চূড়ান্ত প্রার্থী কামরুজ্জামন কামরুল বলেন, সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচন করতে চান তিনি। ভবিষ্যতেও দল ও নেতাকর্মীদের নিয়ে একসঙ্গে চলার অঙ্গীকার করেন তিনি।

দলীয় এই ঐক্য সুনামগঞ্জ-১ আসনে বিএনপির নির্বাচনী প্রস্তুতিকে নতুন গতি দেবে বলে মনে করছেন স্থানীয় নেতারা।