হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা আবারও পিছাল, নতুন তারিখ ২৯ জানুয়ারি

নিউজ রিপোর্ট: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার সময়সীমা আবারও পিছিয়েছে। আদালত নতুন করে আগামী ২৯ জানুয়ারি প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেছেন।

রোববার (২৫ জানুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন। এ নিয়ে তৃতীয়বারের মতো মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এদিন প্রতিবেদন জমার নির্ধারিত তারিখ থাকলেও তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) তা দাখিল করতে পারেনি। এ কারণে আদালত নতুন দিন ধার্য করেন।

শরীফ ওসমান হাদি জুলাই অভ্যুত্থানসহ পরবর্তী বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।

গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ঢাকার বিজয়নগর এলাকায় গণসংযোগকালে তিনি হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

ঘটনার পর গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরবর্তীতে হাদির মৃত্যুর পর মামলাটিতে হত্যা মামলার ৩০২ ধারা যুক্ত করা হয়। শুরুতে থানা পুলিশ তদন্ত করলেও পরে মামলার তদন্তের দায়িত্ব ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।