ভোটের দিন ফজরের নামাজ আদায় করে কেন্দ্র পাহারার আহ্বান তারেক রহমানের

নিউজ রিপোর্ট: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের দিন তাহাজ্জুদ নামাজ আদায় করে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে এবং সেখানে ফজরের নামাজ জামাতে আদায় করে ভোট দিয়ে সারাদিন কেন্দ্র পাহারা দিয়ে ফলাফল বুঝে নিতে হবে।

রোববার (২৫ জানুয়ারি) ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এক জনসভায় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, দেশের গ্রামাঞ্চলের নারী ও শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সারা দেশে একটি কার্যকর হেলথ কেয়ার ব্যবস্থা চালু করা হবে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত পল্লী চিকিৎসক ব্যবস্থার কথা উল্লেখ করে বলেন, ছোটখাটো অসুস্থতায় মানুষ যেন ঘরে বসেই চিকিৎসা পায়, সে ব্যবস্থা নেওয়া হবে।

২০২৪ সালের বন্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, উজানের পানিতে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হবে।

তরুণ ও যুব সমাজের কর্মসংস্থান প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, বিদেশে যেতে ইচ্ছুকদের জন্য ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের দক্ষ জনশক্তি হিসেবে বিদেশে পাঠানো হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারেক রহমান বলেন, দেশের মানুষ এমন পরিবর্তন চায় যাতে তাদের কষ্ট লাঘব হয় এবং তারা নিরাপদে বসবাস করতে পারে। এজন্য আইনশৃঙ্খলা ব্যবস্থাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।