সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমানের বহিষ্কার আদেশ প্রত্যাহার

নিউজ রিপোর্ট:—জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব আতাউর রহমানের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে তার বহিষ্কার আদেশ বাতিল করে প্রাথমিক সদস্য পদ পুনর্বহালের সিদ্ধান্ত জানানো হয়।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০২২ সালে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

উল্লেখ্য, আলহাজ্ব আতাউর রহমান সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে সিলেট হাব, আটাব, ইদ্রিস মার্কেট ব্যবসায়ী সমিতি, রেস্টুরেন্ট মালিক সমিতি এবং শাহজালাল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি মানবাধিকার ফাউন্ডেশন বাস্তবায়ন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি এবং বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৭ সালে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।