সুনামগঞ্জ–২ আসনে জামায়াত প্রার্থী শিশির মনিরের গাড়িতে হামলা

নিউজ রিপোর্ট: সুনামগঞ্জ–২ (দিরাই–শাল্লা) আসনে ১১ দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী আইনজীবী শিশির মনিরের নির্বাচনি প্রচার গাড়ি ক্যারাভ্যানে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় দিরাই উপজেলার কাদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় শিশির মনিরের সমর্থনে একটি প্রচার গাড়ি এলাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছিল। এ সময় মোটরসাইকেলে আসা একদল যুবক গাড়িটির ওপর হামলা চালায়। হামলাকারীরা গাড়িতে ভাঙচুর করে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় প্রচার গাড়িতে থাকা অন্তত দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল বলেন, হামলার অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।