সিলেট-১ আসন (মহানগর ও সিলেট সদর) উন্নয়নের লক্ষ্যে ১১ দফা অঙ্গীকার ও তা বাস্তবায়নের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কাজিটুলাস্থ তার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।
‘কর্মসংস্থান, মানবিক উন্নয়ন ও টেকসই নগরায়নের রোডম্যাপ’ শিরোনামের এই ইশতেহারে নির্বাচিত হলে সিলেট-১ আসনকে কেন্দ্র করে তার কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল তুলে ধরা হয়।
ইশতেহারে শ্রমঘন শিল্প স্থাপন, আইটি ও ইনোভেশন হাব গড়ে তোলা, তরুণদের দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ সহায়তা, কৃষি আধুনিকায়ন ও কোল্ড স্টোরেজ স্থাপন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, নারীবান্ধব নগর উদ্যোগ, হাসপাতাল ও চিকিৎসাসেবার মানোন্নয়ন, খাল পুনরুদ্ধার, খেলাধুলার অবকাঠামো উন্নয়ন, সড়ক ও রেলপথ আধুনিকায়ন এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর উন্নতকরণের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়।
এছাড়া কিশোর গ্যাং ও মাদক দমনে বিশেষ টাস্কফোর্স গঠন, পুনর্বাসন কেন্দ্র স্থাপন এবং ইমাম-মোয়াজ্জিনদের জন্য নীতিমালাভিত্তিক ব্যবস্থার প্রতিশ্রুতিও ইশতেহারে অন্তর্ভুক্ত রয়েছে।
ঘোষিত ইশতেহারের মাধ্যমে সিলেটকে কর্মসংস্থাননির্ভর, আধুনিক ও টেকসই নগরীতে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেন খন্দকার আব্দুল মুক্তাদির।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মিজানুর রহমান চৌধুরী, হাদিয়া চৌধুরী মুন্নি, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, বদরুজ্জামান সেলিম, সিভিক ভয়েসের চেয়ারম্যান পাশা খন্দকার, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশিক উদ্দিন আশুক, সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের আহ্বায়ক ডা. শামীমুর রহমান, শাবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
