নারী দলের সাবেক অধিনায়ক জাহানারার অভিযোগ: মঞ্জুরুলের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগের আংশিক সত্যতা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠিত স্বাধীন তদন্ত কমিটি। তদন্তে বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে অপেশাদার ও অশোভন আচরণের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে বিসিবি।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, জাহানারা আলমের করা চারটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগের পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। তবে বাকি অভিযোগগুলো পর্যালোচনায় মঞ্জুরুল ইসলামের আচরণে পেশাগত শালীনতা লঙ্ঘনের প্রাথমিক প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

গত ৭ নভেম্বর একটি ইউটিউব চ্যানেলে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানিসহ একাধিক অভিযোগ তোলেন জাহানারা আলম। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৯ ফেব্রুয়ারি বিসিবি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিমকে প্রধান করে পাঁচ সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে।

কমিটির অন্য সদস্যরা ছিলেন বাংলাদেশ আইন কমিশনের সদস্য অধ্যাপক ড. নাঈমা হক, ব্যারিস্টার মুহাম্মদ মোস্তাফিজুর রহমান খান, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবির পরিচালক ও নারী ক্রিকেট বিভাগের প্রধান রুবাবা দৌলা।

গত সোমবার (২ ফেব্রুয়ারি) তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিবেদন ও সুপারিশ বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কাছে হস্তান্তর করে। তদন্ত প্রতিবেদনের আলোকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে বিসিবি জানিয়েছে।