লন্ডন প্রতিনিধি: পূর্ব লণ্ডনের হোয়াইট চ্যাপেল রোডস্থ একটি হলে গত ৭ মার্চ রাত ১টায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১৫তম ‘লতা দিয়ে ফতা’ সেহরী পার্টি। সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল মুনিম জাহেদী ক্যারল এবং সাপ্তাহিক ইউরো বাংলার সাবেক পরিচালক হেলাল উদ্দিনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৭০ জন সাংবাদিক, লেখক ও সুধীজন অংশ নেন। সাপ্তাহিক বাংলা পোস্টের সাবেক প্রধান সম্পাদক কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে এবং সাপ্তাহিক দেশ সম্পাদক তাইছির মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানান আয়োজক আব্দুল মুনিম জাহেদী ক্যারল।
অনুষ্ঠানে স্মৃতিচারণ, আলোচনা, ইসলামী সংগীত ও কৌতুক পরিবেশনায় অংশ নেন সাপ্তাহিক জনমতের সাবেক সম্পাদক নবাব উদ্দিন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক আকরামুল হোসেন, ব্যারিস্টার নাজির আহমদ, সাবেক সভাপতি মুহাম্মদ জুবায়ের, কমিউনিটি নেতা দিলওয়ার হোসেন খান, সাংবাদিক আকবর হোসেন, এনাম চৌধুরী, রেজাউল করিম মৃধা, বদরুজ্জামান বাবুল এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের আজীবন সদস্য বাবলুল হকসহ আরও অনেকে।
সেহরী পার্টিতে অংশগ্রহণকারীরা এমন মিলনমেলা আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন। ‘লতা দিয়ে ফতা’ নামের এ সেহরী পার্টিতে পরিবেশিত খাবারের মধ্যে ছিল মাছের ভর্তা, লতা ও বড় মাছের শুঁটকি-চিংড়ি-মুকি সমন্বয়ে তৈরি বিশেষ তরকারি, সাতকরা ও টমেটো দিয়ে মাছের টেংগা, গোশত ভুনা, বিরইন ভাত এবং নারিকেলের মোরব্বা।
খাবার শেষে অংশগ্রহণকারীরা আনন্দঘন পরিবেশে ফ্রি-স্টাইলে প্রায় এক ঘণ্টা ইসলামী নাশিদ পরিবেশন করেন। পরে বিশ্ব শান্তি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি কে এম আবু তাহের চৌধুরী।
