জাতিসংঘে বাংলাকে পূর্ণাঙ্গ দাপ্তরিক ভাষার স্বীকৃতির দাবিতে প্রবাসীদের জোরালো আহ্বান

নিজস্ব প্রতিনিধি: জাতিসংঘে বাংলা ভাষাকে পূর্ণাঙ্গ দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের সক্রিয় উদ্যোগ ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যভিত্তিক সংগঠন অর্গানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলা অ্যাজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অব দ্য ইউনাইটেড নেশনস-এর নেতৃবৃন্দ।

গত ২৮ জুন বার্মিংহামের অ্যাস্টন রোডস্থ বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে সংগঠনের কেন্দ্রীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফয়জুর রহমান চৌধুরী, এমবিই।

সভায় কেন্দ্রীয় সহ-সভাপতি কে এম আবু তাহের চৌধুরী, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি শেখ মো. মফিজুর রহমান, ট্রেজারার আবু তাহের এমবিই, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান কামরুল হাসান চুনু, পোর্টসমাউথ শাখার সভাপতি মাসুদ আহমদ, নর্থ ওয়েস্ট শাখার চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মোস্তফা, ডা. আব্দুল খালিক, আব্দুর রশীদ ভূঁইয়া, কাজী আঙ্গুর মিয়া, মিসেস নাজিয়া রশীদ, সাংবাদিক ফারুক যোশী, আব্দুল কাদির আবুল, পিটারবরো থেকে কামাল এমসি রহমান, সাংবাদিক জয়নাল ইসলাম ও সাংবাদিক জিয়া তালুকদারসহ কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বাংলা বিশ্বের অন্যতম সমৃদ্ধ ও বহুল ব্যবহৃত ভাষা। তাই জাতিসংঘের পূর্ণাঙ্গ দাপ্তরিক ভাষা হিসেবে বাংলার স্বীকৃতি আদায়ে বাংলাদেশ সরকারের কার্যকর উদ্যোগ, কূটনৈতিক তৎপরতা এবং আন্তর্জাতিক পর্যায়ে সমর্থন অর্জনের প্রচেষ্টা আরও জোরদার করা প্রয়োজন। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা/প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতা কামনা করা হয়।

সভায় এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশন ও বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি, ২০০৬ সাল থেকে সংগঠনের কার্যক্রম ও বাংলা ভাষার আন্তর্জাতিক স্বীকৃতি আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরে ইংরেজি ভাষায় একটি স্মারক ম্যাগাজিন প্রকাশেরও সিদ্ধান্ত নেওয়া হয়।