সুনামগঞ্জ প্রতিনিধি: স্বপ্ন বাংলা সমাজ কল্যাণ সংস্থা ইউকে-এর উদ্যোগে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সোনাতনপুর, কুড়িহাল ও আহমদাবাদ এলাকার প্রায় দুই শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং ইফতার মাহফিলের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।
সম্প্রতি সোনাতনপুর স্কুল রোড মাঠে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এই ত্রাণ বিতরণ কর্মসূচির মাধ্যমে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায় প্রবাসভিত্তিক সামাজিক সংগঠন স্বপ্ন বাংলা সমাজ কল্যাণ সংস্থা ইউকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান আলহাজ্ব আতাউর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, সমাজের বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। স্বপ্ন বাংলা সমাজ কল্যাণ সংস্থা ইউকে যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অন্যদের জন্যও অনুপ্রেরণার উৎস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্কেল–২৫ এর প্রেসিডেন্সিয়াল মেম্বার জনাব শেখ ফারুক আহমেদ। তিনি বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। প্রবাসে থেকেও যারা দেশের মানুষের কথা চিন্তা করেন এবং মানবিক কার্যক্রম পরিচালনা করেন, তারা সত্যিই প্রশংসার দাবিদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বি জনাব কাছা মিয়া। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবনেতা জিয়াউল হক জিয়া এবং শাহীন আহমেদ তালুকদার। এ সময় এলাকার আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির আওতায় প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য বিতরণ করা হয়। পরে উপস্থিত অতিথি ও স্থানীয় জনগণের অংশগ্রহণে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, স্বপ্ন বাংলা সমাজ কল্যাণ সংস্থা ইউকে দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে বিভিন্ন মানবিক, সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা সহায়তা, দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ, অসহায়দের সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যে এলাকাবাসীর কাছে প্রশংসা অর্জন করেছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, এলাকার মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত আকারে পরিচালনা করা হবে। তারা আশা প্রকাশ করেন, সমাজের বিত্তবান ও প্রবাসীরা একসঙ্গে এগিয়ে এলে অসহায় মানুষের জীবনমান উন্নয়নে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
স্বপ্ন বাংলা সমাজ কল্যাণ সংস্থা ইউকের এই মহতী উদ্যোগে অংশগ্রহণকারী সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং তাদের জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়।
