বাংলাদেশকে কারো কাছে বন্ধক দেব না — পররাষ্ট্র মন্ত্রী, ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট চালু থাকবে

লন্ডন প্রতিনিধি: বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশকে কারো কাছে বন্ধক দেওয়া হবে না এবং কারো কথায় বাংলাদেশ চলবে না। দেশের সম্মান, মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুষম পররাষ্ট্র নীতির ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে।

গত ৯ মার্চ সোমবার যুক্তরাজ্য বিএনপি আয়োজিত পূর্ব লন্ডনের অ্যাট্রিয়াম হলে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব খসরুজ্জামান খসরুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

ড. খলিলুর রহমান বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কার পররাষ্ট্র নীতিকে তিনি সোনালি সময় হিসেবে মনে করেন। ওই সময়েই তিনি পররাষ্ট্র দপ্তরে যোগদান করেন। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা যাতে বিমানবন্দরে সম্মানজনক আচরণ পান সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশ হাই কমিশন যেন প্রবাসীদের সর্বোচ্চ সেবা দিতে পারে, সে নির্দেশনাও দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে তিনি সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতে তা আরও বিস্তৃতভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি চান, প্রবাসী বাংলাদেশিরা দেশের রাজনৈতিক প্রক্রিয়া ও নীতি নির্ধারণে অংশগ্রহণ করুক। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসী বাংলাদেশি মেধাবীদের কাজে লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছেন।

বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বিমানের ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট চালু রাখার বিষয়ে তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বিষয়েও কাজ করা হচ্ছে।

তিনি জানান, তারা লন্ডনে বাংলাদেশ হাই কমিশন পরিদর্শন করে প্রবাসীদের সর্বোচ্চ সেবা প্রদানের নির্দেশনা দিয়েছেন।

ইফতার মাহফিলে যুক্তরাজ্য বিএনপির প্রায় আট শতাধিক নেতা-কর্মী, কমিউনিটি নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।