ইসরাইলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী।
অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানায়, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরাইলের ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। হামলার পরপরই ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে সম্ভাব্য হুমকি প্রতিহত করার জন্য কাজ শুরু করে।
এদিকে চলমান সংঘাত নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অব্যাহত হামলার কারণে পরিস্থিতি দ্রুত আরও জটিল হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দেশটি।
ইরানের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন এক পর্যায়ে প্রবেশ করতে পারে। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, শুরু থেকেই ইরান বলে আসছে যে যুক্তরাষ্ট্র যদি সংঘাতে বড় ধরনের পদক্ষেপ নেয়, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।
বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ সংঘাত দীর্ঘায়িত হলে তা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
