অস্ট্রেলিয়ায় শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন ঘোষণা

অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতরের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংস্থা ‘অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল’ এক বিবৃতিতে জানিয়েছে, আগামী শুক্রবার (২০ মার্চ) সারা দেশে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।

কাউন্সিলের তথ্যমতে, হিজরি ১৪৪৭ সালের রমজান মাস শেষ হবে বৃহস্পতিবার (১৯ মার্চ)। ফলে শুক্রবার থেকে শাওয়াল মাস শুরু হবে এবং এদিনই ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

চাঁদ দেখার বিষয়ে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনা এবং কারিগরি তথ্য বিশ্লেষণের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষভাবে নতুন চাঁদের উদয়কাল, সূর্যাস্তের পর চাঁদের অবস্থান এবং আশপাশের দেশগুলোতে চাঁদের দৃশ্যমানতার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে।

ফতোয়া কাউন্সিল জানিয়েছে, বিশ্বজুড়ে স্বীকৃত ইসলামী গবেষণা সংস্থাগুলোর বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেই এই সিদ্ধান্ত নির্ধারণ করা হয়েছে।

এ ঘোষণার পর দেশটিতে বসবাসরত স্থানীয় ও প্রবাসী মুসলিমদের মধ্যে ঈদ প্রস্তুতি শুরু হয়েছে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের মধ্য দিয়ে উৎসবটি উদযাপনের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।