ইরানের পশ্চিমাঞ্চলে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম। এ ঘটনায় দুই মার্কিন পাইলট নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ পাইলটদের খুঁজে পেতে ইতোমধ্যে পুরস্কারও ঘোষণা করেছে ইরান।
ইরানি সূত্রগুলো জানিয়েছে, ভূপাতিত যুদ্ধবিমানের দুই পাইলট পৃথক দুটি স্থানে অবতরণ করেছেন। তাদের উদ্ধারে যুক্তরাষ্ট্র উদ্ধার অভিযান চালাচ্ছে বলেও দাবি করা হয়েছে।
এদিকে, পাইলটদের উদ্ধারে মার্কিন বাহিনী আকাশ থেকে নেমে অভিযান চালানোর সময় ইরানের স্থলবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। এতে মার্কিন পক্ষের হতাহতের ঘটনাও ঘটেছে বলে ইরানি পক্ষ দাবি করেছে, যদিও এ বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, নিখোঁজ পাইলটদের সন্ধানে জনগণের সহায়তা চাওয়া হয়েছে। এ জন্য ১০ বিলিয়ন তোমান, অর্থাৎ প্রায় ৬৪ হাজার ডলার সমমূল্যের পুরস্কার ঘোষণা করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ইরান যদি সত্যিই মার্কিন পাইলটদের আটক করতে সক্ষম হয়, তবে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এটি একটি গুরুত্বপূর্ণ মোড় ঘোরানো ঘটনা হতে পারে। কারণ, এতে প্রথমবারের মতো এ সংঘাতে মার্কিন যুদ্ধবন্দীর ঘটনা ঘটতে পারে।
