“জনগণের অধিকার আদায়ে আপসহীন থাকব” — জামায়াত আমির ডা. শফিকুর রহমান

রাজধানীতে এক মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের অধিকার আদায়ে অতীতের মতো ভবিষ্যতেও তারা আপসহীন থাকবেন এবং এ অবস্থান থেকে একচুলও সরে দাঁড়াবেন না।

রোববার রাতে রাজধানীর একটি মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল পশ্চিম থানার ১৪ নম্বর ওয়ার্ডে স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

থানা আমির আব্দুল মতিন খানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি এম আতিক হাসান রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন এবং মুহাম্মদ শহিদুল্লাহ।

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে ২০১৮ সালের নির্বাচনের প্রসঙ্গ তুলে বলেন, নানা বাধা ও সহিংসতার মধ্যেও স্বল্প সময়ে জনগণ তাকে উল্লেখযোগ্য ভোট দিয়েছিল। তবে ভোটারদের ওপর হামলা এবং দলের এক নারী কর্মীর ওপর নির্যাতনের ঘটনায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। তিনি বলেন, কর্মীদের রক্তের বিনিময়ে তিনি এমপি হতে চাননি।

তিনি আরও বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি দায়িত্ব পেয়েছেন এবং এই আস্থার প্রতিদান দিতে তারা বদ্ধপরিকর। জনগণ শুধু দলীয় পরিচয়ের ভিত্তিতে নয়, বরং দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত একটি মানবিক সমাজ গড়ার প্রত্যাশায় তাদের ভোট দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

নেতা বলেন, একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়তে তারা প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে দুর্নীতি, দুঃশাসন ও নৈরাজ্যের স্থান থাকবে না এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে।

শেষে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।