যুক্তরাষ্ট্রে লুইজিয়ানা অঙ্গরাজ্যে এক ভয়াবহ পারিবারিক-সম্পর্কিত হামলায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ৮ শিশু নিহত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) ABC News–এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, নিহত শিশুদের বয়স ১ থেকে প্রায় ১৪ বছরের মধ্যে। এই ঘটনায় মোট ১০ জন গুলিবিদ্ধ হয়েছিল। শ্রিভপোর্ট পুলিশের প্রধান ওয়াইনি স্মিথ বলেন, এটি একটি পারিবারিক বিরোধঘটিত হামলা এবং গুলিবিদ্ধদের মধ্যে কয়েকজন হামলাকারীর আত্মীয়।
ঘটনার পর পালানোর সময় সন্দেহভাজন ব্যক্তি একটি গাড়ি ছিনতাই করে। পুলিশ ধাওয়া শুরু করলে পরে গোলাগুলিতে হামলাকারীও নিহত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি পৃথক স্থানে এ হামলার ঘটনা ঘটেছে।
এদিকে বোজিয়ার সিটি এলাকায় পুলিশের ধাওয়ার সময় আরেক দফা গোলাগুলির ঘটনা ঘটে, তবে এতে কোনো পুলিশ সদস্য আহত হননি।
লুইজিয়ানা স্টেট পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্তে গোয়েন্দা সংস্থাগুলোকে সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, সাধারণ জনগণের কাছে থাকা কোনো ছবি, ভিডিও বা তথ্য তদন্তকারীদের সঙ্গে শেয়ার করার আহ্বান জানানো হয়েছে।
পুলিশ প্রধান স্মিথ এই ঘটনাকে “অত্যন্ত মর্মান্তিক” উল্লেখ করে বলেন, এমন পরিস্থিতির মুখোমুখি আগে খুব কমই হতে হয়েছে তাদের।
