মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ব্যবহার করে চলাচলের ক্ষেত্রে রাশিয়াকে টোল-ফ্রি সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি দেশটির সরকারি বার্তাসংস্থা রিয়া নভোস্তি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।
সাক্ষাৎকারে জালালি বলেন, “বন্ধুত্বপূর্ণ কিছু দেশের ক্ষেত্রে হরমুজ প্রণালির টোল মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে ইরান; যেমন রাশিয়া। ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়েছে।” তবে ‘বন্ধুত্বপূর্ণ’ দেশের তালিকায় রাশিয়া ছাড়া আর কোন দেশ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরাইল-এর মধ্যে সংঘাত শুরুর পর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। পরবর্তীতে দেশটির সরকার ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং তাদের যুদ্ধ-সমর্থক মিত্র দেশ ছাড়া অন্য দেশের জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করতে পারবে।
তবে সে ক্ষেত্রে জাহাজগুলোকে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর অনুমতি নিতে হবে এবং নির্ধারিত ফি প্রদান করতে হবে।
কাজেম জালালির তথ্য অনুযায়ী, চলমান সংঘাত শুরুর পর এই প্রথম কোনো দেশকে হরমুজ প্রণালিতে টোল-ফ্রি সুবিধা দেওয়া হচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
