যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ হওয়া দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর ঘটনায় এক মর্মান্তিক পরিণতি দেখা দিয়েছে। নিখোঁজ শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ, তবে অপর শিক্ষার্থী নাহিদা বৃষ্টির এখনো কোনো সন্ধান মেলেনি।
স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) ট্যাম্পা শহরের হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের তথ্য অনুযায়ী, হিলসবরো কাউন্টির আইনশৃঙ্খলা বাহিনী এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি এবং বিষয়টি নিশ্চিত করতে ময়নাতদন্ত চলছে।
এদিকে একই ঘটনায় নিখোঁজ অপর শিক্ষার্থী নাহিদা বৃষ্টির খোঁজে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। তাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিশ্ববিদ্যালয় পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৬ এপ্রিল শেষবারের মতো দুই শিক্ষার্থীকে পৃথক স্থানে দেখা যায়। ওইদিন সকালে ক্যাম্পাস সংলগ্ন একটি আবাসিক এলাকায় জামিল লিমনকে এবং পরে নাহিদা বৃষ্টিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে দেখা যায়। এরপর থেকেই তারা নিখোঁজ ছিলেন।
জামিল লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে পিএইচডি করছিলেন। অন্যদিকে নাহিদা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টরাল গবেষণায় যুক্ত ছিলেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে বিষয়টি বাংলাদেশ কনস্যুলেটকে অবহিত করেছে। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং নিখোঁজ শিক্ষার্থীর অবস্থান শনাক্তে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।
