যুক্তরাজ্যে তাপপ্রবাহের আশঙ্কা, ব্যাংক হলিডে উইকএন্ডে তাপমাত্রা পৌঁছাতে পারে ২৮ ডিগ্রিতে

যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে আসন্ন ব্যাংক হলিডে উইকএন্ড ঘিরে সম্ভাব্য তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। কয়েকদিন আগেও অস্বাভাবিক ঠান্ডা আবহাওয়া বিরাজ করলেও এখন ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাপমাত্রা।

আবহাওয়াবিদদের মতে, সপ্তাহের মাঝামাঝি থেকে বৃষ্টির প্রবণতা কমে আবহাওয়া আরও শুষ্ক হবে। বুধবার নাগাদ তাপমাত্রা প্রায় ২১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এরপর বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের কিছু এলাকায় তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, বাতাসের দিক পরিবর্তনের কারণেই এই উষ্ণ আবহাওয়ার সৃষ্টি হচ্ছে। গত সপ্তাহে উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা কমে গিয়েছিল। তবে এখন আটলান্টিক মহাসাগর থেকে দক্ষিণ-পশ্চিম দিকের বাতাস প্রবাহিত হচ্ছে। সপ্তাহের শেষ দিকে দক্ষিণ দিকের উষ্ণ বাতাস তাপমাত্রা আরও বাড়িয়ে তুলবে।

তাপপ্রবাহ ঘোষণা হবে কি?

যুক্তরাজ্যের আবহাওয়া অধিদপ্তর ‘মেট অফিস’-এর সংজ্ঞা অনুযায়ী, কোনো অঞ্চলে টানা তিন দিন নির্দিষ্ট সীমার বেশি তাপমাত্রা থাকলে সেটিকে তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। এই সীমা অঞ্চলভেদে ভিন্ন। উদাহরণস্বরূপ, গ্রেটার লন্ডনে তাপপ্রবাহের সীমা ২৮ ডিগ্রি সেলসিয়াস, আর উত্তর আয়ারল্যান্ডে ২৫ ডিগ্রি সেলসিয়াস।

বর্তমান পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে রোববার পর্যন্ত ইংল্যান্ডের হেরেফোর্ডশায়ার ও উরচেস্টারশায়ারের মতো কিছু এলাকায় তাপপ্রবাহের শর্ত পূরণ হতে পারে। তবে সপ্তাহান্তে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা পরিস্থিতি পরিবর্তন করতে পারে।

শনিবার স্কটল্যান্ড, ওয়েলস এবং পশ্চিম ইংল্যান্ডের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার দক্ষিণ ইংল্যান্ডে বিচ্ছিন্ন বৃষ্টি হতে পারে। যদিও দেশের উত্তরাঞ্চলে উচ্চচাপ বলয় শক্তিশালী হওয়ায় আবহাওয়া তুলনামূলক স্থিতিশীল থাকতে পারে।

অন্যদিকে সোমবার অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলে ধারণা করা হচ্ছে। তবে পূর্ব দিকের বাতাসের কারণে উত্তর সাগর উপকূলবর্তী এলাকাগুলো তুলনামূলক শীতল থাকতে পারে।