সিলেট-চট্টগ্রাম ও সিলেট-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট চালু হচ্ছে

সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির-এর উদ্যোগ ও প্রচেষ্টায় শিগগিরই সিলেট-চট্টগ্রাম এবং সিলেট-কক্সবাজার রুটে বিমান চলাচল শুরু হতে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন এই দুই রুট চালু হলে সিলেটের সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর চট্টগ্রাম এবং পর্যটননগরী কক্সবাজারের সরাসরি যোগাযোগ আরও সহজ হবে। এতে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশেষ করে সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজারে যাতায়াতের ক্ষেত্রে দীর্ঘ সময়ের ভোগান্তি কমে আসবে। যাত্রীরা অল্প সময়েই সরাসরি গন্তব্যে পৌঁছাতে পারবেন, যা সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ী ও পর্যটকদের জন্যও বড় সুবিধা হিসেবে দেখা হচ্ছে।

এ বিষয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটের মানুষের যাতায়াত ব্যবস্থা আরও উন্নত ও সহজ করতে তিনি কাজ করে যাচ্ছেন। নতুন এই বিমান রুট চালু হলে সিলেটের যোগাযোগব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ফ্লাইট পরিচালনা শুরু হবে এবং এতে সিলেট অঞ্চলের যোগাযোগ ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।