বিশিষ্ট কমিউনিটি নেতা হাজী উস্তার আলীর স্মরণে লন্ডনে দোয়া মাহফিল

কে এম আবু তাহের চৌধুরী | লন্ডন

যুক্তরাজ্যের হেস্টিংস শহরের বাসিন্দা এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার পালপুর নিবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ও সমাজসেবী হাজী উস্তার আলীর স্মরণে পূর্ব লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ আগস্ট, বৃহস্পতিবার, পূর্ব লন্ডনের বায়তুল আমান জামে মসজিদে বাদ মাগরিব এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মালিক চৌধুরীর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কুদ্দুছ, মরহুমের জামাতা ও কমিউনিটি নেতা এম এ মুকিত, আশরাফ গাজী, আব্দুর রহিম বেগ এবং সাংবাদিক সৈয়দ জহুরুল হকসহ বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা হাজী উস্তার আলীর দীর্ঘদিনের সমাজসেবামূলক কর্মকাণ্ড ও কমিউনিটির প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, সমাজের মানুষের কল্যাণে মরহুমের আন্তরিকতা ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড তাঁকে সবার কাছে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। স্মরণসভায় বক্তারা মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে হাজী উস্তার আলীর রুহের মাগফিরাত এবং তাঁর পরিবারের সদস্যদের জন্য কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী।