ছায়া চ্যান্সেলর হচ্ছেন অ্যান্ড্রু গ্রিফিথ, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে টম টুগেনহাট; অর্থনীতি ও জনপ্রিয়তা পুনরুদ্ধারে নতুন নেতৃত্বের ওপর জোর ব্যাডেনকের
লন্ডন: যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির ছায়া মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করেছেন দলটির নেতা কেমি ব্যাডেনক। এর ফলে ছায়া চ্যান্সেলর স্যার মেল স্ট্রাইড এবং ছায়া পররাষ্ট্রমন্ত্রী ডেম প্রীতি প্যাটেল তাদের দায়িত্ব হারিয়েছেন।
স্যার মেল স্ট্রাইডের স্থলাভিষিক্ত হচ্ছেন অ্যান্ড্রু গ্রিফিথ। আর প্রীতি প্যাটেলের জায়গায় ছায়া পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন টম টুগেনহাট।
অক্টোবরে দলীয় সম্মেলনের আগে কনজারভেটিভ পার্টির নতুন ছায়া মন্ত্রিসভা গঠন করছেন ব্যাডেনক। সাম্প্রতিক অধিকাংশ জনমত জরিপে কনজারভেটিভরা লেবার পার্টি ও রিফর্ম ইউকের পেছনে তৃতীয় অবস্থানে রয়েছে। এমন পরিস্থিতিতে দলের জনপ্রিয়তা পুনরুদ্ধার এবং আগামী নির্বাচনের প্রস্তুতিতে নতুন নেতৃত্বকে সামনে আনতে এই রদবদল করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
রদবদলের অংশ হিসেবে মাতৃত্বকালীন ছুটি শেষে ছায়া মন্ত্রিসভায় ফিরছেন ক্লেয়ার কুটিনহো। তিনি গ্রিফিথের স্থলাভিষিক্ত হয়ে ছায়া ব্যবসা সচিবের দায়িত্ব নেবেন। একই সঙ্গে তিনি নতুন ছায়া চ্যান্সেলর গ্রিফিথের ডেপুটি হিসেবেও দায়িত্ব পালন করবেন।
কেমি ব্যাডেনক বলেন, ছায়া চ্যান্সেলর হিসেবে স্যার মেল স্ট্রাইড দলের অর্থনৈতিক বিশ্বাসযোগ্যতা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং কনজারভেটিভদের একটি কার্যকর বিরোধী দল হিসেবে গড়ে তুলতে সহায়তা করেছেন।
২০২৪ সালে ব্যাডেনক কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হওয়ার পর ছায়া চ্যান্সেলরের দায়িত্ব পেয়েছিলেন স্ট্রাইড। দায়িত্ব ছাড়ার পর তিনি বলেন, এই পদে কাজ করা তার জন্য ছিল ‘অত্যন্ত সম্মানের’।
অর্থনীতিতে বড় পরিবর্তনের বার্তা
নতুন ছায়া চ্যান্সেলর অ্যান্ড্রু গ্রিফিথ দায়িত্ব নিয়েই কনজারভেটিভদের অর্থনৈতিক নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তিনি কর কমানো, যুক্তরাজ্যে আরও বেশি জ্বালানি উত্তোলন করে জ্বালানি ব্যয় কমানো এবং ব্যবসার ওপর থেকে অতিরিক্ত নিয়ন্ত্রণ ও আমলাতান্ত্রিক জটিলতা কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
এ ছাড়া লেবার সরকারের Employment Rights Act-এর বিরুদ্ধেও অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
গ্রিফিথ বলেন, প্রবৃদ্ধি, বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরিতে যারা ঝুঁকি নেন এবং সম্পদ সৃষ্টি করেন, কনজারভেটিভ পার্টি সবসময় তাদের পাশে থাকবে।
দলটির এক জ্যেষ্ঠ সূত্র গ্রিফিথকে ‘প্রবৃদ্ধিপন্থী ও বাস্তববাদী’ ছায়া চ্যান্সেলর হিসেবে বর্ণনা করেছেন। রাজনীতিতে আসার আগে তিনি স্কাইয়ের শীর্ষ নির্বাহী হিসেবে কাজ করেছেন। ২০১৯ সালে আরুন্ডেল অ্যান্ড সাউথ ডাউনস আসন থেকে এমপি নির্বাচিত হওয়ার আগে তিনি Just Eat-এর চেয়ারম্যানও ছিলেন।
দলীয় সূত্রের ভাষ্য, কনজারভেটিভদের অর্থনৈতিক নীতিতে নতুন দৃষ্টিভঙ্গি আনতে এবং প্রবৃদ্ধি, জীবনযাত্রার মান বৃদ্ধি ও আর্থিক বিশ্বাসযোগ্যতার ওপর জোর দিতেই নতুন অর্থনৈতিক নেতৃত্ব গড়ে তোলা হচ্ছে।
সূত্র: বিবিসি
