শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের চারদিনের কর্মসূচি ঘোষণা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে চারদিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। সোমবার সন্ধ্যায় সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার দেশের সব ক্যাম্পাসে মানববন্ধন এবং মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বুধবার সব জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। এরপর ২২ জানুয়ারি সব উপজেলা পর্যায়ে এবং ২৩ জানুয়ারি ঢাকা মহানগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এর আগে শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং নির্ধারিত সময়ে নির্বাচন বাস্তবায়নের দাবিতে সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্রশিবির। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে মিছিলটি শুরু হয়।

কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

নেতারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে শাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে। তারা অবিলম্বে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বলেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় আন্দোলন অব্যাহত থাকবে।