নিউজ রিপোর্ট: সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠের বিশাল জনসমাবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে তিনি মঞ্চে উঠলে মুহুর্মুহু করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
হাস্যোজ্জ্বল মুখে মঞ্চে দাঁড়িয়ে হাত নেড়ে নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন তারেক রহমান। এ সময় তাঁর পাশে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকাল থেকেই আলিয়া মাদরাসা মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। চৌহাট্টা, জিন্দাবাজার, আম্বরখানা, মেডিকেল সড়ক ও দরগা সড়কে ঢল নামে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকের। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে পুরো এলাকা ছিল উৎসবমুখর।
দলীয় সূত্রে জানা যায়, সিলেটের ছয়টি সংসদীয় আসন এবং সুনামগঞ্জের পাঁচটি আসনের বিএনপি প্রার্থীরা নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে এই জনসমাবেশে অংশ নেন। এই সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনি মাঠে নিজেদের সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের বার্তা দিতে চায় দলটি।
আলিয়া মাদরাসা মাঠের এই সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি ছিল। আয়োজকরা জানান, শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
