ইরাকের আকাশে মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত, উদ্ধার অভিযান শুরু

আন্তর্জাতিক ডেস্ক:

ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

এক বিবৃতিতে মার্কিন বাহিনী জানায়, একটি কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে। ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে বন্ধুত্বপূর্ণ আকাশসীমায় এ ঘটনা ঘটে। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনায় দুটি উড়োজাহাজ যুক্ত ছিল। এর মধ্যে একটি বিমান পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়েছে এবং অন্যটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।

সেন্টকম জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনাটি শত্রুপক্ষের হামলা বা ভুলবশত নিজেদের বাহিনীর গুলিতে (ফ্রেন্ডলি ফায়ার) ঘটেনি।

সামরিক অভিযানের সময় দূরপাল্লার যুদ্ধবিমানকে আকাশেই জ্বালানি সরবরাহ করতে রিফুয়েলিং উড়োজাহাজ ব্যবহার করা হয়। কেসি-১৩৫ সেই ধরনের একটি গুরুত্বপূর্ণ সামরিক সহায়ক উড়োজাহাজ, যা যুদ্ধবিমানকে মাঝ আকাশে জ্বালানি সরবরাহ করে দীর্ঘ সময় অপারেশন চালাতে সহায়তা করে।

দুর্ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি মার্কিন সামরিক কর্তৃপক্ষ।