ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল সামরিক ক্ষেত্রে ব্যর্থ হওয়ার পর এখন ইরানের ভেতরে বিভাজন সৃষ্টি এবং জনগণের মধ্যে হতাশা ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি দেশটির জনগণকে শত্রুদের এসব চক্রান্ত মোকাবিলায় জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম রুহুল্লাহ খোমেনির ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দেওয়া এক বার্তায় খামেনি এ মন্তব্য করেন। দক্ষিণ তেহরানে অবস্থিত ইমাম খোমেনির সমাধিসৌধে আয়োজিত স্মরণসভায় লাখো মানুষ অংশ নেন।
লিখিত বার্তায় খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘দমনমূলক ব্যবস্থা’ একটি শক্তিশালী, স্বাধীন ও সার্বভৌম ইরানকে মেনে নিতে পারছে না। তিনি ইসরাইলকে ওই ব্যবস্থার একটি ‘মনগড়া ঘাঁটি’ হিসেবে উল্লেখ করেন।
খামেনির ভাষ্য অনুযায়ী, সামরিকভাবে ব্যর্থ ও অপমানিত হওয়ার পর শত্রুপক্ষ এখন ‘হাইব্রিড যুদ্ধের’ মাধ্যমে তাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের যুদ্ধের প্রধান অস্ত্র হিসেবে তিনি সন্দেহ, হতাশা, ভয় এবং সামাজিক বিভাজন সৃষ্টির প্রচেষ্টার কথা উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এমন কোনো বক্তব্য বা কর্মকাণ্ড যা জনগণের মধ্যে হতাশা, অসন্তোষ কিংবা বিভ্রান্তি তৈরি করে, তা পরোক্ষভাবে শত্রুদের লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে।
জাতীয় সংহতি ও সচেতনতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে খামেনি বলেন, দেশের স্বাধীনতা ও স্থিতিশীলতা রক্ষায় জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।
সূত্র: আল জাজিরা
