ইংল্যান্ডের সাউদাম্পটনে ১৮ বছর বয়সী শিক্ষার্থী হেনরি নোয়াক হত্যাকাণ্ডের ঘটনায় খুনির মা কিরণ কৌরকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। অভিযোগ, তিনি হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি ঘটনাস্থল থেকে সরিয়ে নিজের ছেলের কক্ষে থাকা অন্যান্য অস্ত্রের সঙ্গে লুকিয়ে রেখেছিলেন, যাতে পুলিশ সহজে সেটি উদ্ধার করতে না পারে।
আদালতের তথ্য অনুযায়ী, ভিকরুম দিগওয়া ২০২৩ সালের ৩ ডিসেম্বর রাতে সাউদাম্পটনে বাড়ি ফেরার পথে হেনরি নোয়াককে ২১ সেন্টিমিটার (৮ ইঞ্চি) ব্লেডের একটি ছুরি দিয়ে হত্যা করেন। এ ঘটনায় চলতি বছরের জুনে তাকে ন্যূনতম ২১ বছর কারাভোগের শর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
পরবর্তীতে খুনের আলামত গোপন করে অপরাধীকে সহায়তা করার অভিযোগে ৫৩ বছর বয়সী কিরণ কৌর দোষী সাব্যস্ত হন। আদালত বলেন, একজন দায়িত্বশীল অভিভাবকের উচিত ছিল ছেলেকে আত্মসমর্পণ করতে ও সঠিক কাজ করতে উৎসাহিত করা, কিন্তু তিনি উল্টো হত্যার অস্ত্র লুকিয়ে রেখে তদন্তকে বাধাগ্রস্ত করেছেন।
রায় ঘোষণার সময় বিচারক বলেন, কিরণ কৌরের উদ্দেশ্য ব্যক্তিগত লাভ নয়, বরং ছেলেকে রক্ষা করার চেষ্টা ছিল। তবে অপরাধের গুরুত্ব বিবেচনায় তাকে শাস্তি দেওয়া জরুরি, যাতে ভবিষ্যতে কেউ একই ধরনের অপরাধে জড়াতে নিরুৎসাহিত হয়।
