স্কটল্যান্ডের এডিনবরায় শাহজালাল জামে মসজিদের সেক্রেটারি হাজী মোহাম্মদ আব্দুল মালিকের ইন্তেকাল

নিউজ রিপোর্ট: স্কটল্যান্ডের এডিনবরা শাহজালাল জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের সেক্রেটারি হাজী মোহাম্মদ আব্দুল মালিক ইন্তেকাল করেছেন। আজ মঙ্গলবার সকাল ১১টায় এডিনবরায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

মরহুম হাজী মোহাম্মদ আব্দুল মালিক বিশিষ্ট সাংবাদিক জয়নাল ইসলামের বড় ভাই। তিনি স্ত্রী, ছয় কন্যা, ভাই-বোন, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর দেশের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বালিসহস্র গ্রামে।

মরহুমের ভাইদের মধ্যে রয়েছেন মনসুরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদিকুর রহমান, গ্রেটার সিলেট কাউন্সিল স্কটল্যান্ড রিজিওনের সাবেক প্রেসিডেন্ট নজরুল ইসলাম এবং এটিএন বাংলা ইউকের বার্মিংহাম প্রতিনিধি ও বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম।

পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। তাঁর জানাজার নামাজ আগামীকাল বুধবার ২৮ জানুয়ারি, বাদ জোহর দুপুর ১টা ১০ মিনিটে স্কটল্যান্ডের এডিনবরার ব্ল্যাকহল জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

হাজী মোহাম্মদ আব্দুল মালিকের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্কটল্যান্ডের অনারারি কনসাল ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার মোহাম্মদ মকিস মনসুর, বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি কে এম আবু তাহের চৌধুরী, স্কটিশ এমপি ফয়সল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফাসহ বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ।