যুদ্ধ বন্ধে তিনটি শর্ত দিয়েছে ইরান

চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধ বন্ধে তিনটি শর্ত দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধ বন্ধ করতে হলে তেহরানের বৈধ অধিকারের স্বীকৃতি, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব শর্তের কথা উল্লেখ করেন। একই সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলেও জানান তিনি। ওই আলাপচারিতায় ইরানের অবস্থান তুলে ধরা হয়েছে বলে উল্লেখ করেন পেজেশকিয়ান।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান সংঘাত ‘খুব শিগগিরই’ শেষ হয়ে যাবে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরানে ‘আঘাত করার মতো আসলে আর কিছুই বাকি নেই’।

অ্যাক্সিওসের প্রতিবেদনে ট্রাম্পকে উদ্ধৃত করে বলা হয়, ‘আমি যখনই চাইব এটি শেষ হোক, তখনই এটি শেষ হবে।’

বিশ্লেষকদের মতে, একদিকে ইরানের শর্ত আর অন্যদিকে যুক্তরাষ্ট্রের এমন বক্তব্য—উভয়ই চলমান সংঘাতের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা ও কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত দিচ্ছে।